বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

১০ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১০৭২ বার পঠিত

কুমিল্লায় দুই কিলোমিটার ধাওয়া করে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যান জব্দ করেছে কুমিল্লা সামাজিক বন বিভাগ। এ সময় কাভার্ডভ্যান রেখে পালিয়ে যান চালক ও তার সহযোগী। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাষাপাড়া এলাকা থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। অবৈধভাবে কাঠ পাচারের ঘটনায় রবিবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (বন আদালত) একটি মামলা করা হয়েছে।

কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম জানান, মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনে ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেনসহ অন্যরা শনিবার রাতে ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যানকে থামার জন্য সংকেত দেন। চালক না থেমে দ্রুতগতিতে পালাতে থাকেন। অন্য একটি গাড়ি দিয়ে ধাওয়া করলে সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়া এলাকায় চালক ও তার সহযোগী কাভার্ডভ্যান রেখে পালিয়ে যান। কাভার্ডভ্যানের ভেতর থেকে প্রায় ১০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। গাড়িতে কাঠের বৈধতার স্বপক্ষে কোনোপ্রকার কাগজপত্র পাওয়া যায়নি।

অভিযানে ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন, ফরেস্টার দিলীপ কুমার দাস, ফরেস্ট গার্ড এম এ মান্নান, মো. আবুল কালাম আজাদ এবং মো. জুলফু মিয়া অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com