স্ত্রীর ইচ্ছায় শুক্রাণু সংগ্রহ, মারা গেলেন সেই করোনা রোগী

স্বামী মরণাপন্ন। তাই স্ত্রী চেয়েছিলেন স্বামীর শুক্রাণু সংগ্রহ করা হোক কৃত্রিম উপায়ে। কিন্তু তাতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ। শেষমেশ আদালতের দ্বারস্থ হন ওই নারী। গত মঙ্গলবার আদালত তার আবেদনে অনুমোদন দেন। সেই অনুমতি পেয়ে ওই নারীর স্বামীর শুক্রাণু সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার মৃত্যু হয় করোনা আক্রান্ত সেই ব্যক্তির। ভারতের গুজরাটের বডোদরায় এ ঘটনা ঘটেছে।

৩২ বছরের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার ক্রমে অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়। স্বামীর মুমূর্ষু অবস্থা দেখে তার শুক্রাণু সংগ্রহ করে রাখার পরিকল্পনা করেন স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তার ঔরসে কৃত্রিম উপায়ে সন্তান ধারণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার স্বামী এই প্রক্রিয়ায় সম্মতি দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রাণু সংগ্রহে রাজি হননি।

এর পরই ওই নারী মঙ্গলবার গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন। বিষয়টি জানিয়ে একটি হলফনামা দাখিল করেন। বিচারপতি আশুতোষ জে শাস্ত্রী জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি করেন। আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত শুক্রাণু সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

আদালতের নির্দেশ পেয়েই মঙ্গলবারই শুক্রাণু সংগ্রহ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের শীর্ষ কর্মকর্তা
অনিল নাম্বিয়ার বুধবার সাংবাদিকদের জানান, চিকিৎসকরা মঙ্গলবার রাতেই ওই ব্যক্তির শুক্রাণু সংগ্রহ করেন।

তিনি আরও জানান, রোগীর পরিবার এই প্রক্রিয়ায় রাজি থাকলেও যার শুক্রাণু সংগ্রহ করা হবে তার সম্মতি নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি সম্মতি দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। ফলে প্রক্রিয়া সম্ভব হয়নি। আদালতের সম্মতি পাওয়ার পর তা করা হয়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *