বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

দল ঘোষণা উইন্ডিজের, ফিরলেন রোচ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে ফিরেছেন অভিজ্ঞ ফাস্ট বোলার কেমার রোচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে আরেক পেসার ও সহ-অধিনায়ক আলজারি জোসেফকে।

ঘরের মাঠে দুই টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। জোসেফের অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন কিপার-ব্যাটসম্যান জশুয়া দা সিলভা।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় হাঁটুতে পাওয়া চোটের কারণে সবশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি ৩৬ বছর বয়সী রোচ। ওই সিরিজে ইংলিশ পেসার মার্ক উডের বলের আঘাতে বাম হাতের হাড় ভেঙেছিল কেভিন সিনক্লেয়ারের। এখনও সেরে না ওঠায় আসছে সিরিজের দলে নেই এই অফ স্পিনিং অলরাউন্ডার।

 

দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার ব্রায়ান চার্লস। ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। ইংল্যান্ড সফরের দলে ছিলেন না এই দুইজন।

৩-০তে হোয়াইটওয়াশড হওয়া ওই সিরিজের দল থেকে এবারের দলে আরও নেই জেরেমিয়া লুইস, জ্যাকারি ম্যাককাস্কি, কার্ক ম্যাকেঞ্জি ও আকিম জর্ডান। হ্যামস্ট্রিং চোটে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছিল লুইসকে। তার বদলি হিসেবে ডাক পেয়েছিলেন জর্ডান। সিরিজে ছয় ইনিংসে মাত্র ৩৩ রান করতে পারেন ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে দলে থাকলেও ম্যাককাস্কির এখনও অভিষেক হয়নি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে সাত ম্যাচের মাত্র একটি জিতে টেবিলের তলানিতে আছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি তাদের টেবিলে ওপরের দিকে ওঠার সুযোগ। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে আগামী বুধবার শুরু হবে প্রথম টেস্ট। গায়ানার প্রভিডেন্সে দ্বিতীয় টেস্ট ১৫ অগাস্ট থেকে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, জাস্টিন গ্রিভস, জেসন হোল্ডার, কাভেম হজ, টেভিন ইমলাখ, শামার জোসেফ, মিকাইল লুইস, গুডাকেশ মোটি, কেমার রোচ, জেডেন সিলস, জোমেল ওয়ারিক্যান।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com