কুড়িগ্রামে মুদির দোকানীকে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন

কুড়িগ্রামের চিলমারীতে নূরন্নবী মিয়া নামে এক মুদির দোকানীকে হত্যার দায়ে ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছেন জেলা জজ আদালত। সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম আব্রাহাম লিংকন ও আসামিপক্ষে ছিলেন এডভোকেট আমজাদ হোসেন ও সামসুজ্জোহা রুবেল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাচকোল এলাকার ঘেতু শেখের ছেলে রাশেদ (৪০), মকবুল হোসেন (৫৪) ও তসলিম উদ্দিন (৫৬), দারাজ উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৪৩), মতিয়ার রহমানের ছেলে মিন্টু (৪১), মনির উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৪৪), সেকেন্দার আলীর ছেলে মোনাল মিয়া ওরফে মোন্নাফ (৪৪) এবং ওসমান মিয়ার ছেলে নুরু মিয়া (৫০)।
মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২২ জানুয়ারি রাতে মুদি দোকানী নূরুন্নবীর সঙ্গে তার দোকানের ভেতর ঘুমিয়েছিলো আসামি রাশেদ। পূর্ব শত্রুতার জেরে সেদিন রাতে তাকে পরিকল্পিতভাবে দোকানে ঘুমন্ত অবস্থায় গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে রাশেদ ও তার সহযোগী অন্য আসামিরা। পরদিন সকালে ভাই আশরাফুল ইসলাম দোকানে গিয়ে নূরুন্নবীর লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এরপর এ ঘটনায় নিহতের বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে চিলমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগের পর এক আসামির মারা গেলে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। দীর্ঘ শুনানী শেষে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ৮ আসামিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন।

এছাড়াও কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন পিপি বলেন, এতে সত্য উন্মোচিত হয়েছে। আদালত যে দৃষ্টান্ত স্থাপন করল তাতে এমন অন্যায় কাজ করতে মানুষ দ্বিতীয়বার ভাববে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *