বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

বেড়েছে তাপমাত্রা, ৩ দিনের মধ্যে বাড়বে বৃষ্টি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৯৩৪ বার পঠিত

বৃষ্টি কমে যাওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি ফের বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

রোববার থেকেই ঢাকা অনেকটাই বৃ্ষ্টিহীন। সোমবার সকাল থেকে রোদ-মেঘের খেলা থাকলেও দুপুর পর্যন্ত বৃষ্টির দেখা নেই ঢাকায়। বেশ গরমও অনুভূত হচ্ছে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।’

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থা বিরাজ করছে।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়, ৬৫ মিলিমিটার। এ সময় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া চট্টগ্রামে ৫৫, ডিমলায় ২৪, খেপুপাড়ায় ২০ ও রাঙামাটিতে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া অন্যান্য স্থানে বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটারের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

মন্তব্য করুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2026 24news.com.bd
Theme Dwonload From ThemesBazar.Com